সাইফুল ইসলাম রুদ্র
নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অভিযুক্তের মা ও ভাই।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, শুক্রবার ভোরে উপজেলার ভারতেরকান্দি (পূর্বপাড়া) গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাকিল চৌধুরী (৩৫) পেশায় রাজমিস্ত্রী শ্রমিক। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, ছেলের সঙ্গে বাছেদ মিয়ার পারিবারিক কোনো বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতেও বাবা-ছেলে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা বাছেদ মিয়ার স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান শাকিল তার বাবার পেটে ছুরিকাঘাত করছেন। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে শাকিল পালিয়ে যান। ঘটনাস্থলেই আব্দুল বাছেদের মৃত্যু হয়।
খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যার কারণ জানা ও জড়িত ছেলেকে আটকের চেষ্টা চলছে















