স্বপন রবি দাশ, হবিগঞ্জ
দীর্ঘদিন ধরে হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসা পরিচালনার কারণে যানজট ও জনভোগান্তি ছিল নিত্যদিনের চিত্র। এ পরিস্থিতি নিরসনে উপজেলা প্রশাসন ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের জন্য পৃথক বাজারের ব্যবস্থা করেছে। নতুন এ উদ্যোগে শহরের প্রধান সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শেরপুর রোডে করিম রেস্ট হাউসের সামনে লাইটেস স্ট্যান্ড-সংলগ্ন স্থানে নতুন ক্ষুদ্র সবজি বাজার স্থাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. রুহুল আমিনের উদ্যোগে ব্যবসায়ীদের সেখানে স্থানান্তর করা হয়েছে। গত ২৬ জুলাই বাজারটির উদ্বোধন করা হয়।
সোমবার সন্ধ্যায় নতুন বাজার পরিদর্শনে গিয়ে ইউএনও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বাজারের পরিসর বাড়ানো, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের প্রয়োজনীয় সুবিধা প্রদানের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরিদর্শনে পজিব কর্মকর্তা মো. সাকিল আহমেদ উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, সড়ক ও ফুটপাত থেকে দোকান সরিয়ে নেওয়ার ফলে প্রধান সড়কে যানবাহন চলাচল আগের তুলনায় স্বাভাবিক হয়েছে। পথচারীদের চলাচলেও স্বস্তি ফিরেছে। শহরের পরিবেশও তুলনামূলকভাবে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল দেখা গেছে।
নতুন বাজারে ব্যবসা শুরু করা বিক্রেতারা জানান, প্রথম দিকে ক্রেতার উপস্থিতি কিছুটা কম থাকলেও নির্ধারিত স্থানে বাজার গড়ে ওঠায় ভবিষ্যতে বেচাকেনা বাড়বে বলে তারা আশাবাদী। ব্যবসার জন্য স্থায়ী স্থান নির্ধারণ করে দেওয়ায় তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে ইউএনও মো. রুহুল আমিন বলেন, নতুন নির্ধারিত স্থানের বাইরে কিংবা মূল বাজারের ভেতরে কোনো সবজি ব্যবসায়ীকে বসতে দেওয়া হবে না। শহরের শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শন শেষে তিনি নবীগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে সার্বিক পরিস্থিতি তদারকি করেন এবং ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অবৈধ দখলমুক্ত পরিবেশ নিশ্চিত ও যানজট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা দেন।







