লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল তার চাচাতো ছোট ভাই ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাকে দল থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন। দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম বিভিন্ন সময়ে অন্য রাজনৈতিক দলের স্বার্থে কাজ করেছেন।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল তার ছোট ভাই জাহাঙ্গীর আলমের বিতর্কিত রাজনৈতিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। দলীয় আনুগত্যের প্রশ্নে আপসহীন অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, ‘যারা মুখে বিএনপির কথা বলবে কিন্তু বাস্তবে ধানের শীষে ভোট দেবে না, তাদের আমরা কোনোভাবেই বরদাশত করব না।’
দীর্ঘ ছয় মাস ধরে কোনো দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে হঠাৎ করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে এমপি বাবুল বলেন, ‘যার মধ্যে রাজনৈতিক শিষ্টাচার ও আদব-কায়দা নেই, সে কখনও প্রকৃত নেতা বা জনপ্রতিনিধি হতে পারে না।’ জেলা নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে তিনি দাবি জানান, দলবিরোধী কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এবং তাদের দল থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় সাধারণ নেতাকর্মীরা এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রোকন উদ্দিন বাবুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে সে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গিয়ে বলেছিল যে, আমি তাকে হারানোর জন্যই রাজনীতি করি।’ এছাড়া রাজনৈতিক সুবিধাবাদের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম একবার জাতীয় পার্টির সাবেক এক এমপির কাছ থেকে গাড়ি উপহার নিয়েছেন, আবার কখনও জামায়াতের সঙ্গে জোট বেঁধেছেন। তার প্রকৃত রাজনৈতিক উদ্দেশ্য কী, তা আগে স্পষ্ট করা উচিত বলে তিনি মনে করেন।
নির্বাচনি এলাকার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, কিছু নেতাকর্মী তার ছবি বাদ দিয়ে ব্যানার-পোস্টার লাগিয়েছেন এবং জাহাঙ্গীর আলম চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এমপি বাবুল একে চরম ‘আস্পর্ধা’ হিসেবে অভিহিত করে বলেন, এমপিকে বাইপাস করে রাজনৈতিক সফলতা পাওয়ার স্বপ্ন দেখা কেবল দুঃসাহস ছাড়া আর কিছুই নয়।
আদিতমারী ও কালীগঞ্জ এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি সতর্ক করে বলেন, যারা এই অঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় এবং ষড়যন্ত্র করে, তাদের প্রতিহত না করলে কাঙ্ক্ষিত সমৃদ্ধি অর্জন সম্ভব হবে না। সমাবেশে লালমনিরহাট জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অন্যদিকে, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম দাবি করেন, তাকে কেন্দ্র করে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, ‘প্রকৃত বিএনপির নেতাকর্মীরা আজ অবহেলিত। তবে এই ষড়যন্ত্র কখনোই সফল হতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে সরাতে যেমন আমরা দীর্ঘ ১৮ বছর রাজপথে লড়াই করেছি, ঠিক সেভাবেই এই ষড়যন্ত্রকারীদের সরিয়ে দেওয়া হবে।’















