পিরোজপুর প্রতিনিধি

চলপুখরীয়া, কলাখালী জনগণের সুখ-দুঃখের কথা সরাসরি শুনতে এবং এলাকার উন্নয়নমূলক সমস্যাদি সরেজমিনে প্রত্যক্ষ করে দ্রুত সমাধানের লক্ষ্যে পিরোজপুর সদর উপজেলার ৪ নং কলাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চলপুখরীয়া সাইক্লোন সেন্টারে এক জনাকীর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জননেতা মাসুদ সাঈদী এমপি।

শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এমপি বলেন, "জনগণের পাশে থাকা, তাদের মৌলিক ও স্থানীয় সমস্যাগুলো জানা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর স্থায়ী সমাধান করাই আমাদের মূল লক্ষ্য।

সভা চলাকালে স্থানীয় বাসিন্দারা এলাকার সার্বিক সমস্যা, বিশেষ করে অবকাঠামোগত ও রাস্তাঘাটের দৃশ্যমান উন্নয়ন, স্বাস্থ্যঝুঁকি এড়াতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন। সংসদ সদস্য ধৈর্যসহকারে স্থানীয়দের বক্তব্য শুনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

একই সময়ে ৪ নং কলাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষের সাথেও পৃথক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সেখানে এলাকাবাসীর নানা প্রত্যাশা, দাবি ও প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের ওপর বিশদ আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ মানুষের আস্থাকে প্রাধান্য দিয়ে এলাকার উন্নয়নে নিরবচ্ছিন্ন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্য মাসুদ সাঈদী।