মো: আল-মাহফুজ শাওন
আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পর অধ্যক্ষ হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যক্ষ মোহাম্মদ তারিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) তিনি খুলনার মহেশ্বরপাশার শহীদ জিয়া মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে পুনরায় যোগদান করেন।
তাঁর পুনরায় যোগদানকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। এলাকার সর্বস্তরের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং কলেজের শিক্ষক-কর্মচারীরা তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত করেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অধ্যক্ষ মোহাম্মদ তারিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যেও এ উপলক্ষে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
স্থানীয়রা বলেন, একজন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে অধ্যক্ষ মোহাম্মদ তারিকুল ইসলামের পুনরায় যোগদান কলেজের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশকে আরও গতিশীল করবে—এমন প্রত্যাশা সবার।
অধ্যক্ষ মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর দায়িত্ব পালনে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তাঁর পুনরায় যোগদানের দিনটি উপস্থিত সবার ভালোবাসা, শুভেচ্ছা ও আবেগে শহীদ জিয়া মহাবিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।















