রাজধানীর বনশ্রী এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক মেধাবী শিক্ষিকা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষিকার নাম তাসপিয়া আহমেদ তিসা (৩১)। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাসপিয়ার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়, তবে তিনি পরিবারের সঙ্গে খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় বসবাস করতেন।

নিহতের ভাই এনাম আহমেদ জানান, তাসপিয়া তার পেশাগত কাজে বাসা থেকে বের হয়েছিলেন। কিন্তু সন্ধ্যার দিকে তারা আকস্মিক খবর পান যে, ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে দুটি বাসের চাপায় তিনি প্রাণ হারিয়েছেন। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল ঘটনার বিবরণ দিয়ে জানান, রমজান পরিবহন ও আরও একটি বাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই তাসপিয়া আহমেদ তিসার মৃত্যু হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর রাত ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এসআই অনয় চন্দ্র পাল আরও জানান, ঘটনার পরপরই রমজান পরিবহনসহ দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে। একইসঙ্গে পুলিশ বাস দুটির চালক ও হেলপারদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে।