মেট্রোরেলের শেষ ট্রেনের সময় আরও বাড়ানোর পরিকল্পনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী সেপ্টেম্বর থেকে ট্রেন চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট বৃদ্ধি করা হতে যাচ্ছে, যার ফলে শেষ ট্রেনটি রাত ১১টায় ছাড়বে।

পাশাপাশি, শেষ ট্রেনের মধ্যবর্তী বিরতি ২০ মিনিট থেকে কমিয়ে ৭-৮ মিনিটে নামিয়ে আনা হবে। ডিএমটিসিএলের তথ্যমতে, এই সময় বাড়ানোর জন্য অতিরিক্ত ট্রেন চালক বা অপারেটর প্রয়োজন ছিল। ইতিমধ্যে অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে এবং তাদের প্রশিক্ষণ ২৬ আগস্ট পর্যন্ত চলবে।

এছাড়া সময় বাড়ানোর ফলে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য প্রস্তুতি কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। উল্লেখ্য, গত ৭ জুন থেকে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছিল।