হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দ্বীপ বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের বিজয় শীলের ছেলে। তার বয়স হয়েছিল মাত্র ৩ বছর ৩ মাস।
শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। অনেক খোঁজার পর দুপুর ২টা ৩৫ মিনিটে বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখা যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করেন। দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি একজন পরিচিত কনটেন্ট ক্রিয়েটর। গত কয়েক মাস ধরে কাকার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিচ্ছিল দ্বীপ।
এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অল্প সময়েই পরিচিতি ও ভালোবাসা পায় শিশুটি। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার বলেন, পানিতে ডুবে তিন বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলের মৃত্যু হয়েছে। পরে পারিবারিকভাবে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে দ্বীপের অকালমৃত্যুর খবর কাকা বিপ্লব শীল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে জানান। খবরটি ছড়িয়ে পড়তেই সেখানে শোক জানান অসংখ্য মানুষ। অনেকে ছোট্ট দ্বীপের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও ভালোবাসার কথা জানিয়ে মন্তব্য করেন।
















