এম এ নকিব নাছরুল্লাহ্:
আধুনিক নগর গড়ার নামে অবাধে গাছ কাটার কারণে সময়মতো বৃষ্টি হচ্ছে না এবং অতিরিক্ত গরমে পরিবেশের ভারসাম্য চরমভাবে নষ্ট হচ্ছে। এ থেকে দেশ ও সমাজকে বাঁচাতে হলে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। শুক্রবার (৭ আগস্ট) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এসব কথা বলেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা শাহীন কবির।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক এবং জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ওয়াহিদুজ্জামান লাভলুসহ স্থানীয় পৌরসভার প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।
বক্তারা পরিবেশ সংরক্ষণ ও বনায়ন সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং ২০টি স্টলে প্রদর্শিত বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ঘুরে দেখেন।







