বরিশালে আয়োজিত এক নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, সামান্য কিছু পরিবর্তনের জন্য ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-যুব সমাজ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেনি। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সংগ্রাম মূলত সংস্কারের মাধ্যমে সংবিধান পরিবর্তনের সংগ্রাম। সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ স্থাপন করা তাদের অন্যতম প্রধান দাবি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলে বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, “আমরা চাই সংস্কারের মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্ভুক্ত করা হোক। একইসাথে সংস্কারের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় সংযুক্ত করতে হবে এবং জুলাই সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, বর্তমান বাংলাদেশের যে সংবিধান এবং রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে, তা মূলত ফ্যাসিবাদের জন্ম দেয়। যদি বর্তমান সংবিধানের আমূল সংস্কার করা না হয়, তবে আগামীতে যারা দুই বা চার বছরের জন্য ক্ষমতায় আসবে, তারা আবারও নতুন এক ‘হাসিনায়’ পরিণত হতে পারে।

বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল মহানগরের আহ্বায়ক মুফতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বরিশাল জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের বক্তব্য প্রদান করেন।