ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে আবারও তীব্র আক্রমণ শানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাঁর অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং তাঁদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। শুক্রবার (১০ জুলাই) হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
একটি ভিডিওবার্তায় মমতা ব্যানার্জী বলেন, তৃণমূল কংগ্রেসকে ভেঙে দিতে বিজেপি কোনো রকম চেষ্টা বাকি রাখেনি। তিনি আরও দাবি করেন, তৃণমূলকে শেষ করতে হলে বা তাঁকে চুপ করাতে হলে সরাসরি প্রাণে মেরে ফেলতে হবে। দলের প্রভাবশালী নেতা মহুয়া মৈত্র, অভিষেক ব্যানার্জী এবং কল্যাণ ব্যানার্জীসহ অধিকাংশ নেতাকর্মীর ওপর হামলা ও হেনস্তার অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, "কার ওপর আপনারা হামলা করেননি? আপনারা মহুয়ার ওপর হামলা করেছেন, অভিষেক ও কল্যাণের ওপর করেছেন, এমনকি আমার ব্যক্তিগত বাসভবরেও হামলা চালানো হয়েছে।"
এমন এক সময়ে মমতা ব্যানার্জীর এই মন্তব্য সামনে এল, যখন দলের প্রতিষ্ঠার পর থেকে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক আক্রমণের পাশাপাশি পশ্চিমবঙ্গের কিছু সরকারি বিদ্যালয়ে মধ্যাহ্নভোজে ডিমের পরিবর্তে নিরামিষ বিকল্প চালুর সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তিনি। মমতার অভিযোগ, সরকার সাধারণ মানুষের মৌলিক চাহিদা উপেক্ষা করে কেবল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যস্ত। তিনি বলেন, "স্কুলের শিশুদের মধ্যাহ্নভোজে ডিম দেওয়া হচ্ছে না, অথচ সরকার এসব অদ্ভুত কাজ নিয়ে ব্যস্ত। এটি কখনোই বাংলার সংস্কৃতি ছিল না। আমরা দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় ছিলাম, কিন্তু কখনোই পুলিশকে এ ধরনের কাজে ব্যবহার করিনি।"











