মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে প্রাতঃভ্রমণে বের হওয়া এক বৃদ্ধার কানের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে।
ভুক্তভোগী আরতী বর্মন (৬০) একজন ডায়াবেটিস রোগী। প্রতিদিনের মতো গতকাল ভোরে সূর্য ওঠার আগ মুহূর্তে তিনি নিজ বাসা থেকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়কে হাঁটতে বের হন।
এ সময় একটি মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি তার কাছে এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে কৌশলে আরতী বর্মনের কানের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যান। আকস্মিক এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন তিনি।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসী দ্রুত ছিনতাইকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।







