স্বপন রবি দাশ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ সময় মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের একটি ড্রাইভার হোটেলের সামনে এ অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার তারেক মাহমুদের দিকনির্দেশনায় ডিবির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. জুয়েল মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও।
অভিযান পরিচালনা করেন ডিবির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাকিব হোসেন। তাঁর সঙ্গে ছিলেন এসআই মো. সাইফুল ইসলাম, এএসআই মো. নাঈম মিয়া, এএসআই ইদ্রিস আলী এবং জেলা গোয়েন্দা শাখার অন্যান্য সদস্যরা।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।






