মোহাম্মদ আহসান হাবিব: শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি দুর্নীতিবিরোধী গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মাদারীপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদারীপুর শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় এবং ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এসব সততা স্টোরের উদ্বোধন করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘সততা সংঘ’-এর কার্যক্রম জোরদার এবং নৈতিক শিক্ষা চর্চা উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা স্টোর উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক (লিগ্যাল) ও জেলা ও দায়রা জজ মো. শাহাদাৎ হোসেন প্রামানিক।
এ সময় উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের উপপরিচালক মাহবুবুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো. জামান মিয়া, সাধারণ সম্পাদক আজমল হুদা ঢালী, দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন, উপসহকারী পরিচালক শ্যামল চন্দ সেনসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় দুটির পাশাপাশি পূর্বে প্রতিষ্ঠিত দুটি সততা স্টোর পরিদর্শন করেন। বক্তারা বলেন, বিক্রেতাবিহীন সততা স্টোর শিক্ষার্থীদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, সততা ও জবাবদিহিতার চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ কার্যকর অবদান রাখবে।






