এসএম এরশাদ আলী রাশেদ: লংগদু জোনের উদ্যোগে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এবং যুবসমাজের ইতিবাচক বিকাশের লক্ষ্যে আয়োজিত “লংগদু জোন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬”-এর বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন (শুক্রবার) বিকালে লংগদু পরিষদ উপজেলা মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্টে মোট নয়টি দলের অংশ গ্রহণ করে। গ্রুপ পর্ব, নকআউট পর্ব এবং সেমিফাইনাল শেষে ফাইনালে মুখোমুখি হয় খেদারমারা ইউনিয়ন একাদশ ও মাইনীমুখ ইউনিয়ন একাদশ। খেলায় নির্ধারিত সময়ে উভয় দলই ড্র করলে ট্রাইবেকারে গড়ায় খেলা। ট্রাইবেকারে মাইনীমুখ ইউনিয়ন একাদশ খেদারমারা ইউনিয়ন একাদশকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় বিবেচিত হন খোকন চাকমা ও সর্বোচ্চ গোল দাতা ঝন্টু দাস। প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল, রানার্স-আপ দল, শ্রেষ্ঠ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতার মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও উল্লেখ করেন, লংগদু জোন পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে নিয়মিত জনকল্যাণমূলক ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-অধিনায়ক মেজর শাহিনুর মাহমুদ খান,মেজর শাহিনুর আল সাকিব, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, লংগদু থানার ভাঃ কর্মকর্তা মোঃ জাকারিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।