এসএম এরশাদ আলী রাশেদ: রাঙামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে থাকায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতাল এলাকায় বর্জ্যের স্তূপ থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে রোগী, স্বজন ও দর্শনার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫০ শয্যায় উন্নীত হলেও হাসপাতালটির কার্যক্রম এখনও ৩১ শয্যার পরিসরে পরিচালিত হচ্ছে। এর মধ্যেই হাসপাতালের পুরোনো ভবনের দক্ষিণ ও পশ্চিম পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে রয়েছে। ফলে পুরো এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, বিশেষ করে দ্বিতীয় তলায় দুর্গন্ধের মাত্রা বেশি হওয়ায় সেখানে অবস্থান করা কষ্টকর হয়ে পড়েছে। অনেকের অভিযোগ, চিকিৎসা নিতে এসে নোংরা পরিবেশ ও দুর্গন্ধের কারণে তারা অতিরিক্ত ভোগান্তির মুখে পড়ছেন।
এদিকে জমে থাকা বর্জ্যের কারণে মশা-মাছির উপদ্রবও বেড়েছে। এতে রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ার পাশাপাশি রোগীদের খাবার গ্রহণেও সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হাসপাতাল মানুষের সুস্থতা নিশ্চিত করার জায়গা হলেও বর্তমানে এর আশপাশের পরিবেশ জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং হাসপাতাল কর্তৃপক্ষের কঠোর তদারকির দাবি জানিয়েছেন।
সচেতন মহল বলছে, হাসপাতাল এলাকায় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা গেলে রোগীরা আরও মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন এবং জনস্বাস্থ্যের ঝুঁকিও কমে আসবে।

















