মো: আল-মাহফুজ শাওন
খুলনা নগরীর ডাকবাংলা এলাকার বেবি ট্যাক্সি স্ট্যান্ড থেকে এপিসি স্কুলের মোড় হয়ে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত সংযোগ স্থাপনের জন্য নির্মাণাধীন গলিপথটি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত একটি উদ্যোগ। পথটি বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকার মধ্যে যাতায়াতের সময়ও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে নির্মাণকাজের শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, গলিপথ নির্মাণে খোয়া তৈরির জন্য ব্যবহৃত ইটের মান অত্যন্ত নিম্নমানের। একই সঙ্গে ঢালাইয়ের কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগও রয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই গলিপথটি যেন টেকসই ও নিরাপদভাবে নির্মাণ করা হয়। নির্মাণকাজে নির্ধারিত মানের সামগ্রী ব্যবহার এবং নিয়মিত তদারকি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
এলাকাবাসী আরও বলছেন, নির্মাণকাজে অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে কাজের গুণগত মান যাচাই করে জনস্বার্থে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে নির্মাণকাজ সরেজমিনে তদারকি করবেন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তাদের মতে, বহু প্রতীক্ষিত এই গলিপথটি সঠিক পরিকল্পনা, মানসম্মত উপকরণ ও যথাযথ তদারকির মাধ্যমে নির্মিত হলে এটি নগরবাসীর নিরাপদ ও স্বল্পসময়ের চলাচলের একটি গুরুত্বপূর্ণ সংযোগপথ হিসেবে ভূমিকা রাখতে পারে।















