চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মো. শাহাবুদ্দিন নামে এক শ্রবণপ্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহাবুদ্দিন ওই এলাকার বাসিন্দা আব্দুস সোবহানের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী স্থানীয়দের সূত্রে জানা যায়, বিকেলে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে চলে যান শাহাবুদ্দিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লোহাগাড়া রেলওয়ে স্টেশন কর্মকর্তা দিদার হোসেন নিশ্চিত করে জানান, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার অভিমুখে যাওয়ার পথে ওই যুবক দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।