আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে ‘দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব ইন্টিগ্রিটি’তে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আইজিপি মো. আলী হোসেন ফকির জানান, সারাদেশে মোট ১১৪টি প্রশিক্ষণ কেন্দ্রে ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্য এই দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করছেন। মূলত যেসব পুলিশ সদস্য এর আগে কোনো নির্বাচনি প্রশিক্ষণ পাননি, তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণের প্রথম ব্যাচে অংশগ্রহণকারী সদস্যের সংখ্যা ৪ হাজার ৯৬৫ জন।
উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিপূর্বে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ওই অভিজ্ঞ সদস্যদের জন্য এক দিনব্যাপী একটি রিফ্রেশার প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হবে। বর্তমানে চলমান এই প্রাথমিক প্রশিক্ষণ কর্মসূচি শেষ হওয়ার পরপরই রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হবে, যা পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পালনে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলবে।















