এসএম এরশাদ আলী রাশেদ: অপপ্রচার, কুরুচিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে লংগদু উপজেলা যুব দলের প্রতিবাদ মিছিল, সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে মাইনীমুখ বাজারে উপজেলা যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। লংগদু উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জানে আলম ও সদস্য সচিব সৈয়দ ইউনূসের নেতৃত্বে মাইনীমুখ বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে ও পথসভা করা হয় ।
প্রতিবাদ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ তোফাজ্জল হোসেন বলেন, “রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, তবে অপপ্রচার, কুরুচিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচারবহির্ভূত আচরণের কোনো স্থান নেই। সুস্থ রাজনৈতিক চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সকল নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, জনগণের কল্যাণে কাজ করাই হউক সকলের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা কখনো সফল হবে না। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে অপপ্রচার, মিথ্যাচার ও ব্যক্তিগত আক্রমণের সংস্কৃতি গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকিস্বরূপ। তারা সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা সকলের দায়িত্ব।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে লংগদু উপজেলা যুবদলের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।






