এম এ এহসান রিয়াজ

লক্ষ্মীপুরের কমলনগরে ব্যবসায়ী দিদারের বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে ৮-১০ জনের একটি ডাকাত দল।পরে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে। এসময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন ভূক্তভোগী পরিবার।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মমিন উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কমলনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী দিদার(২৬) উপজেলার করুণানগর বাজারের একজন টেলিকম ব্যবসায়ী।

দিদার ও তার পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে হঠাৎ ৮-১০ জনের একটি ডাকাত দল বাড়িটি ঘিরে ফেলে। পরে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে।এ সময় ডাকাতরা ঘরে থাকা নগদ ২ লাখ ২০ হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, আইফোনসহ পাঁচটি মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের স্বজন নাদিম হোসেন বলেন, দিদারের পরিবারের শেষ সম্বলটুকুও ডাকাতরা নিয়ে গেছে। কয়েক মাস আগে পরিবারের বড় ছেলে রিদওয়ান প্রবাসে স্ট্রোক করে মারা যান। তিনি ছিলেন পরিবারের প্রধান উপার্জনকারী। তাকে হারিয়ে পরিবারটি এমনিতেই কঠিন সময় পার করছিল। এর মধ্যে এই ডাকাতির ঘটনায় তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ না পেলেও পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

তিনি বলেন, থানায় জনবল, পরিবহন ও পরিবহনের জ্বালানি সংকট রয়েছে। এসব সীমাবদ্ধতার কারণে অনেক সময় পুলিশের নিয়মিত কার্যক্রম ও তদন্তকাজ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না।