​এম এ এহসান রিয়াজ

লক্ষ্মীপুরের কমলনগরে সঠিক সময়ে জন্মনিবন্ধন নিশ্চিতকরণ ও এর সুফল সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এক সচেতনতামূলক ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে হাজিরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের সরাসরি মতামত ও বিশদ পরামর্শ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের পরিচালক (যুগ্ম সচিব) মো. মনিরুল ইসলাম পাটোয়ারী।

​তিনি তাঁর বক্তব্যে বলেন, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্মনিবন্ধন করা নাগরিক অধিকার। সঠিক সময়ে সঠিক তথ্যে জন্মনিবন্ধন না করালে পরবর্তীতে নাগরিক সেবা প্রাপ্তিতে বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয়। তাই এ বিষয়ে গ্রামীণ জনপদের প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত সাধারণ নাগরিকরা জন্মনিবন্ধন সংক্রান্ত মাঠপর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা, সমস্যা ও মতামত তুলে ধরেন। অতিথিরা তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক তানভীর হাসান তুরান, হিউম্যান রাইটস প্রজেক্ট অ্যানালিস্ট ​তাহমিনা হক, প্রজেক্ট সাপোর্ট অফিসার ​শিহাব উন সাকিন, হাজিরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা ​মো. ইকতারুল ইসলাম, হাজিরহাট ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা(সচিব) মো.গিয়াস উদ্দিন সহ পরিষদের সদস্যবৃন্দ।