মো: আল-মাহফুজ শাওন

খুলনায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টি ও ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচি শুরু করেছে খুলনা মহানগর যুবদল। এর অংশ হিসেবে যোগীপোল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিশেষ মশা নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

কর্মসূচির আওতায় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বিভিন্ন স্থানে মশা নিধন ওষুধ ছিটানো এবং সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।

এ সময় যুবদলের নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল নয়; নগরবাসীকেও নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে স্থানীয় যুবদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। তারা নিয়মিতভাবে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ গড়ে তোলা জরুরি। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তারা মনে করেন।

কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা নগরবাসীর প্রতি ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার পাশাপাশি বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান।