মো: আল-মাহফুজ শাওন

খুলনা নগরীর বড় মির্জাপুর এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শামীমা ইয়াসমিন পলি (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শামীমা ইয়াসমিন পলি নগরীর বড় মির্জাপুর এলাকার ১/১ ইউসুফ রোডের বাসিন্দা। তার স্বামী হাসিবুর অমি একটি বীমা কোম্পানিতে কর্মরত। পলি দুই কন্যাসন্তান—দোয়া (৯) ও দিনি (৬)-কে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট শামীমা ইয়াসমিন পলির ডেঙ্গু শনাক্ত হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার রক্তের প্লাটিলেট দ্রুত কমে ১৩ হাজারে নেমে আসে।

চিকিৎসকদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানান, প্লাটিলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার পাশাপাশি ডেঙ্গুর প্রভাবে তার লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়। পরে তার হৃদ্‌যন্ত্রের কার্যক্রমও ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত হার্ট ফেইল করে তিনি মারা যান।

পলির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে দুই কন্যাশিশুকে রেখে তার চলে যাওয়ার ঘটনায় স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ জোহর নগরীর মতি মসজিদে শামীমা ইয়াসমিন পলির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।

এদিকে খুলনায় ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ বাড়ছে। নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিনই নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। এরই মধ্যে ডেঙ্গুতে আরও একটি প্রাণহানির ঘটনায় জনসাধারণকে মশাবাহিত এ রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর জোর দেওয়ার দাবি উঠেছে।