দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন, বনানী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আহমেদ বিজয় এবং উত্তরা প্রেস ক্লাবের সাবেক দুই কর্মকর্তা রবিউল আলম (রাজু) ও সাকিবুল হাসানের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ স্মারক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বাদ-মাগরিব খিলক্ষেত প্রেস ক্লাব কার্যালয়ের মিলনায়তনে এই শোকাবহ ও স্মৃতিঘন কর্মসূচির আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। খিলক্ষেত প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন-এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি ফাহাদ মোল্লার সঞ্চালনায় প্রায় এক ঘণ্টাব্যাপী এই স্মৃতিচারণ ও আলোচনা সভাটি চলে। সভায় উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং স্থানীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ মরহুমদের কর্মময় জীবনের নানা দিক ও তাদের আদর্শের কথা অত্যন্ত আবেগঘনভাবে তুলে ধরেন।
আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় সাংবাদিকতার জগতে ‘মেশিনম্যান’ হিসেবে পরিচিত প্রয়াত অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রতি। বক্তারা তাঁর বহুমাত্রিক সাংবাদিকতা এবং পেশাদারিত্বের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা উল্লেখ করেন যে, দেশের শীর্ষস্থানীয় দৈনিকে চার হাজারের বেশি লিড ও ব্যাক লিড প্রকাশের এক অনন্য ও বিরল নজির রেখে গেছেন তিনি। রাজনীতি, অপরাধ, অর্থনীতি, শেয়ারবাজার ও কূটনীতিসহ প্রায় সব গুরুত্বপূর্ণ বিটে বস্তুনিষ্ঠ ও সাহসী প্রতিবেদন তৈরি করে তিনি অর্জন করেছিলেন ঈর্ষণীয় সাফল্য। তাঁর এই নিষ্ঠা এবং পরিশ্রম তরুণ সাংবাদিকদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সভায় উল্লেখ করা হয়।
খিলক্ষেত প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন তাঁর বক্তব্যে রিমনের অসামান্য সাহস এবং নবীন সাংবাদিকদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার অসাধারণ গুণাবলির কথা তুলে ধরেন। একইসাথে তিনি বনানী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আহমেদ বিজয়ের অকাল প্রয়াণ এবং সড়ক দুর্ঘটনায় নিহত উত্তরা প্রেস ক্লাবের দুই সংবাদকর্মী রবিউল আলম (রাজু) ও সাকিবুল হাসানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বক্তারা বলেন, এই চার ব্যক্তিত্বের প্রয়াণে সাংবাদিক সমাজ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন খিলক্ষেত প্রেস ক্লাবের সহ-সভাপতি ফাহাদ মোল্লা, প্রতিষ্ঠাতা উপদেষ্টা ওমর ফারুক মিল্লাত, দৈনিক জাতীয় কণ্ঠস্বরের সম্পাদক ও ঢাকা বিমানবন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন, সংবাদ দিগন্তের সিনিয়র রিপোর্টার সুমন খান, সবুজ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: শাহ আলম এবং বনানী থানামানবাধিকারের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার রেজা রকি। এছাড়া খিলক্ষেত প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া সহ আব্দুর রাজ্জাক (গণজাগরণ), মামুন দেওয়ান, সাইফুল ইসলাম, সুজন ভূঁইয়া (উত্তরা প্রেস ক্লাব), জাহিদ মিয়া (দৈনিক ঘোষণা), ক্যামেরাম্যান বিপ্লব ও সাত্তার হোসেনসহ আরও অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন। শোকাতুর পরিবেশের মধ্য দিয়ে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।











