রূপগঞ্জে আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরুনা গ্রামে তৃতীয় দফায় নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের পাশাপাশি আশপাশের নয়টি ইউনিয়নের নেতাকর্মীরাও অংশ নেন।
সভায় বক্তারা কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ্ব সেলিম আহমেদকে চেয়ারম্যান প্রার্থী করার দাবি জানান। স্থানীয়দের অনুরোধে সেলিম আহমেদ নির্বাচনে অংশ নিতে সম্মতি জানিয়েছেন বলেও সভায় জানানো হয়।
বক্তারা দাবি করেন, কায়েতপাড়ায় সেলিম আহমেদের ব্যাপক জনসমর্থন রয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা এবং নেতাকর্মীদের পাশে থাকার কারণে তিনি এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন বলেও দাবি করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম আহমেদ বলেন, মহান আল্লাহ সুযোগ দিলে এবং জনগণের সহযোগিতা পেলে তিনি নির্বাচনে অংশ নিয়ে এলাকার মানুষের জন্য কাজ করতে চান। যোগ্য মানুষকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি নিজের জন্য সবার দোয়া কামনা করেন।
সভায় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা সেলিম আহমেদকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে মাদক ও চাঁদাবাজমুক্ত রূপগঞ্জ গড়ে তোলা এবং কায়েতপাড়ার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার প্রত্যাশা জানান তারা।
এ সময় সেলিম আহমেদের পক্ষে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিক প্রচারণা ও সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা।















