​

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এ বছর ৪৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজা কেন্দ্র করে এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে আয়োজনের প্রস্তুতি।

​উপজেলা পূজা উদ্‌যাপন কমিটি সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হবে ১ নম্বর চেঁচরীরামপুর, ৩ নম্বর আমুয়া ও ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নে। ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নে ১০টি, ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়নে ৩টি, ৩ নম্বর আমুয়া ইউনিয়নে ১১টি, ৪ নম্বর কাঁঠালিয়া সদর ইউনিয়নে ৫টি, ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নে ১১টি এবং ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নে ৭টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে।

​পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষণ দাস জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক দলের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

​উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি গৌতম চন্দ্র বিশ্বাস (গৌরাঙ্গ) আশা প্রকাশ করে বলেন, প্রতিবছরের মতো এবারও উপজেলার ৬টি ইউনিয়নের সব কটি মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হবে।

​সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে উপজেলা পূজা উদ্‌যাপন কমিটি এবং পূজামণ্ডপগুলোর সভাপতি ও সম্পাদকদের নিয়ে শিগগিরই যৌথ সভা করা হবে।

​ওসি আরও জানান, নিরাপত্তার স্বার্থে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করা হচ্ছে। এ ছাড়া প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। বর্তমানে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে আশ্বাস দেন তিনি।