এম এ এহসান রিয়াজ:
লক্ষ্মীপুরের কমলনগরে যথাযোগ্য মর্যাদায় শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য ও সকল জুলাই যোদ্ধাদের ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন এবং কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম।
উপজেলা কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জুলাই আন্দোলনের শহিদ আলী আজগর মাশরুরের বড় ভাই মো. আকবর, জুলাই যোদ্ধা আবদুল আহাদ ফারাবি ও মাহবুবুর রহমান আক্তার।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের আবদুল আহাদ, রাকিব, আরিফ, ইমন হোসেন, মাহবুবুর রহমান আক্তার, রুবেল, হারুনুর রশিদ, ইমাম হোসেন, সাইফুল ইসলাম, মো. ইবরাহিম, জোনায়েদ ও রিদওয়ানুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ মাসরুরের বড় ভাই আলী আকবর বলেন, যে স্বপ্নের ওপর ভিত্তি করে আমার ভাই মাসরুরসহ ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছে, তার আইনি ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করতে ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। শহীদ ও আহতদের সঠিক মূল্যায়নই হবে এই সনদের মূল ভিত্তি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেন, “দলমত নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের জন্যই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেছেন। শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জন্য রাষ্ট্র সর্বোচ্চ করার চেষ্টা করছে, তবে রাষ্ট্রেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে।”
তিনি আরও বলেন, জুলাই মানে অন্যায়ের বিরুদ্ধে ও বৈষম্যের বিরুদ্ধে সাহসী অবস্থান। গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। এসময় তিনি ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ব থাকার আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান, রামগতি-কমলনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ডা. সামছুল আলমসহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।






