কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে রঞ্জন সালাম স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলার লরেন্স বাজারস্থ সূর্যমুখী কিন্ডারগার্টেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে ২৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

জানা যায়, রঞ্জন সালাম স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ এ সূর্যমুখী কিন্ডারগার্টেনের মোট ৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ২৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এ সাফল্যকে উদযাপন করতে শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ফরাশগঞ্জ ফয়েজে আম আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল করিম, হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন আল ফারুকী ও প্রতিষ্ঠানটির কার্যকরী কমিটির সদস্য সচিব ছানা উল্যাহ তহসিলদার।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে আগামী প্রজন্মকে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার আহ্বান জানান।