এম এ এহসান রিয়াজ

লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ বৃদ্ধি এবং গণিতভীতি দূর করার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে মাধ্যমিক পর্যায়ের গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র উভয় গ্রুপেই প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেছে গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে, উভয় গ্রুপেই দ্বিতীয় স্থান অর্জন করেছে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির শিক্ষার্থীরা।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দুটি গ্রুপে ভাগ করা হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র গ্রুপে এবং নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা সিনিয়র গ্রুপে অংশ নেয়। নির্ধারিত সময়ে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা, যুক্তি ও দক্ষতার পরিচয় দেয়।

ফলাফলে জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে গ্লোবাল স্কুল এন্ড কলেজের সাইমুন ইসলাম দিহান, দ্বিতীয় হয় হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির তৃপর্ণা দাস এবং তৃতীয় স্থান অর্জন করে গ্লোবাল স্কুল এন্ড কলেজের হাসিব আল মাহমুদ।

সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে গ্লোবাল স্কুল এন্ড কলেজের আশরাফুল ইসলাম চৌধুরী, দ্বিতীয় হয় হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির আসাদুজ্জামান এবং তৃতীয় স্থান অর্জন করে গ্লোবাল স্কুল এন্ড কলেজের নাজিয়া সুলতানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতা এবং জ্ঞানচর্চার পরিধি বাড়াতে এ ধরনের গণিত অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন নিয়মিত হওয়া উচিত।”

এসময় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো.শামিম আইসিটি কর্মকর্তা মো শাকিল আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক শাহা,কমলনগর প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।