মাহিদুল ইসলাম ফরহাদ
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা। গত মঙ্গলবার শহরের নতুন স্টেডিয়ামে শহর শাখার স্পোর্টস বিভাগের উদ্যোগে টুর্নামেন্টটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব। বিশেষ অতিথি ছিলেন শহর শাখার সেক্রেটারি আব্দুর রহমান। এ সময় শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আল গালিব বলেন, “জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের আত্মদান আমাদের ন্যায়, সত্য ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণা জোগায়। নতুন প্রজন্মকে সেই চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”তিনি আরও বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একজন তরুণকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” ইউসুফ আল গালিব বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ক্রীড়াচর্চার মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, টুর্নামেন্টে বিভিন্ন থানার দল অংশ নিচ্ছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, সম্প্রীতি ও ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।








