জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এই দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মোনায়েম মুন্না বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ১১ দলের দাবি মেনে নিলেই ককটেল বিস্ফোরণ ঘটবে না। তার মানে তারাই ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। তাই তাকে অতিদ্রুত গ্রেপ্তার করা হোক।’ তিনি আরও দাবি করেন, যারা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, সাধারণ জনগণ এখন তাদের আসল রূপ চিনে ফেলেছে।
ইসলামি দলগুলোর বিষয়ে কথা বলতে গিয়ে যুবদল সভাপতি বলেন, ‘সুবিধাবঞ্চিত একটি সন্তান মরিয়ম। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একজন মানুষের কারণে মেয়েটির আজ এমন করুণ দশা। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং মরিয়মের সঙ্গে ঘটা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।’ তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট দলটি আগে থেকেই মুনাফেক এবং আমরা সন্দেহ করছি তারা মুনাফেকদের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরাতে চায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের বিষয়ে মোনায়েম মুন্না বলেন, ‘তিনি উন্মাদ এবং জাতীয় সম্পদ ধ্বংসের সঙ্গে সরাসরি জড়িত। তাকেও দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানাই।’ একইসাথে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণ দায়িত্ব দিয়েছে এবং তার সুযোগ নির্দেশনায় দেশ এগিয়ে যাচ্ছে। তাকে আরও শক্তিশালী করতে আমাদের কাজ করতে হবে।’
এ সময় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেন, ‘যুবদলকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা ভয় পাই না। ককটেলের ভয় দেখাবেন না।’ নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ্য করে নয়ন বলেন, ‘আপনি পাকিস্তানিদের সঙ্গে জোট বেঁধেছেন। যুবদলের সৈনিকরা প্রস্তুত। আপনি পাকিস্তানে পালানোর সময়ও পাবেন না।’





















