খুলনার জেলখানা ঘাট এলাকায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন নৃত্যশিল্পী ও ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রাকিব।গত ১ সেপ্টেম্বর ফেরী ও ট্রলার দুর্ঘটনার পর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
রাকিব খুলনার সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। তিনি খুলনা আব্বাস উদ্দিন একাডেমির সঙ্গে যুক্ত ছিলেন। নৃত্যশিল্পী হিসেবে কাজের পাশাপাশি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মী ও বন্ধুদের কাছে তিনি পরিচিত ও জনপ্রিয়।
ট্রলারডুবির ঘটনার পর রাকিবের খোঁজ না পাওয়ায় তাঁর পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে তাঁর এক বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে জেলখানা ঘাট এলাকার একটি সিসিটিভি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটিতে দুর্ঘটনার আগে রাকিবকে ওই এলাকায় হেঁটে যেতে দেখা যায় বলে জানিয়েছেন তাঁর বন্ধু ও স্বজনরা।
এ কারণে তাঁদের ধারণা, দুর্ঘটনার সময় রাকিব তলিয়ে যাওয়া ট্রলারে থাকতে পারেন। তবে তিনি ট্রলারে ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর নিখোঁজ হওয়ার সঙ্গে ট্রলারডুবির ঘটনার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, সেটিও উদ্ধার ও অনুসন্ধানের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
রাকিবের স্বজনদের প্রত্যাশা, উদ্ধার অভিযানে দ্রুত তাঁর সন্ধান মিলবে এবং তিনি নিরাপদে পরিবারের কাছে ফিরে আসবেন।















