এম এ এহসান রিয়াজ

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) মাগরিবের পর কমলনগরের হাজিরহাট বাজারে এবং আসরের পর রামগতির আলেকজান্ডার বাজারে পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলনগর ও রামগতি উপজেলা শাখা পৃথক সময়ে এ কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভ মিছিলে শত শত নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় তারা ‘আমরা সবাই হাদী হবো, হাদী হত্যার বদলা নেব’, ‘অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’, ‘গণভোটের গণরায় মানতে হবে’, ‘আবু সাইদ, মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন।

কমলনগরের বিক্ষোভ মিছিলটি হাজিরহাট জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর মাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও সাবেক উপজেলা আমির মাওলানা হুমায়ুন কবির। এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের ও সাবেক উপজেলা আমির মাওলানা নুরুদ্দিন।

সমাবেশে মাওলানা হুমায়ুন কবির বলেন, “যদি সংসদ বৈধ হয়, তাহলে গণভোটও বৈধ। একটি বৈধ বলে অন্যটিকে অস্বীকার করার সুযোগ নেই। জনগণের ৫১ শতাংশের রায় কার্যকর হয়েছে, কিন্তু ৭০ শতাংশের রায় এখনো বাস্তবায়ন হয়নি। সংবিধান সংস্কারের যেসব বিষয় জনগণের স্বার্থসংশ্লিষ্ট, সেগুলো নিয়ে সরকার টালবাহানা করছে। অথচ সরকারের জন্য সুবিধাজনক বিষয়গুলো বাস্তবায়নের পায়তারা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ যেমন শেখ হাসিনাকে জবাব দিয়েছে, ভবিষ্যতেও কেউ যদি একই পথে হাঁটতে চায়, জনগণ তা মেনে নেবে না।”

এর আগে রামগতির আলেকজান্ডার বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম ও পৌর জামায়াতের আমির মাওলানা আবুল খায়েরসহ স্থানীয় নেতারা।

বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।