বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বর্তমান সরকারকে সতর্ক করে বলেছেন, ‘১৭ বছরের নির্যাতনের কথা যেন সরকার ভুলে না যায়।’
রোববার প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, আগের ফ্যাসিস্ট শাসকরা যা করে গেছে, বর্তমান সরকার এখন হুবহু তারই পুনরাবৃত্তি করছে। বিশেষ করে বিরোধী দলের ওপর দমন-পীড়নের চিত্রটি আগের মতোই রয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি প্রশ্ন তোলেন, ‘৭০ শতাংশ মানুষের রায়কে কেন অগ্রাহ্য করা হচ্ছে?’ উদাহরণ দিয়ে তিনি মনে করিয়ে দেন, ১৯৭০ সালের নির্বাচন অগ্রাহ্য করার ফলেই ১৯৭১ সালের ঘটনা ঘটেছিল। এছাড়া ১৯৯৬ সালের নির্বাচন নিয়ে বিএনপির খোঁচায় তিনি বলেন, ১৯৯১ সালে জামায়াতের নিঃস্বার্থ সমর্থনের কারণেই বিএনপি সরকার গঠন করতে পেরেছিল। পাশাপাশি নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ সংস্থায় দলীয় লোক নিয়োগের তীব্র সমালোচনা করেন তিনি।











