ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বক্তব্য প্রদানের সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তুচ্ছতাচ্ছিল্য করার অভিযোগ উত্থাপন করেন।
বক্তব্যে জামায়াত আমির বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখেই বলতে চাই, তিনি আজ নতুন করে এই শব্দগুলো উচ্চারণ করেননি। বরং সংসদ অধিবেশন যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকেই তিনি সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছেন। তিনি নিজেকে কী মনে করেন, তা আমার বোধগম্য নয়।" তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, "এমনকি তিনি এখানে দাঁড়িয়ে সেই দুঃসাহস পর্যন্ত দেখিয়েছেন যে, সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। কিন্তু আমরা এখানে তাঁর ছাত্র হওয়ার জন্য আসিনি।"
















