ইফতিয়াজ সুমন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রনসী গ্রামের মেধাবী শিক্ষার্থী জাফরিন আক্তার রিয়া চলতি বছরের এসএসসি পরীক্ষায় পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়,রনসী, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ থেকে জিপিএ-৫ (A+) অর্জন করে সাফল্যের স্বাক্ষর রেখেছে। কিন্তু আর্থিক সংকটের কারণে তার উচ্চশিক্ষার স্বপ্ন আজ অনিশ্চয়তার মুখে পড়েছে।
রিয়া রনসী গ্রামের মৃত আব্দুস সোবহান সাহেবের কন্যা। তার বাবা দীর্ঘদিন ৬ বছর আগে মৃত্যুবরণ করায় পরিবারটির একমাত্র ভরসা তার মা। সংসারের ব্যয় নির্বাহের জন্য তিনি নিজ হাতে তৈরি বাঁশের বিভিন্ন সামগ্রী বিক্রি করেন। সীমিত আয়ে পাঁচ সন্তানের ভরণ-পোষণ ও শিক্ষার ব্যয় বহন করতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন,তার চাচার সহযোগিতায় কোনভাবে চলে তাদের সংসার।
সম্প্রতি শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী একই গ্রামের কৃতি সন্তান মো. আব্দুল জলিল সৌজন্য সাক্ষাতে রিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে রিয়ার মা তার অসহায়ত্বের কথা তুলে ধরেন। তিনি জানান, মেয়ে অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও আর্থিক অক্ষমতার কারণে তাকে এইচএসসিতে ভর্তি করানোর বিষয়ে তিনি অনিশ্চয়তায় রয়েছেন।
রিয়ার স্বপ্ন ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে সমাজ ও দেশের মানুষের সেবা করা। কিন্তু প্রয়োজনীয় আর্থিক সহায়তা না পেলে সেই স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।
এ সময় মো. আব্দুল জলিল রিয়ার পরিবারের খোঁজখবর নেন এবং আশ্বাস দেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে রিয়ার পড়াশোনার ব্যয় নির্বাহের চেষ্টা করা হবে।







