মোঃ মাফিকুল ইসলাম
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ফুলবাড়ী উপজেলা শাখা। কর্মসূচিতে হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল চালকদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। অন্যদিকে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের দেওয়া হয়েছে কড়া সতর্কবার্তা।
বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দিয়ে তাঁদের সচেতন ও দায়িত্বশীল আচরণের জন্য উৎসাহিত করা হয়। পাশাপাশি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ব্যক্তিদের সড়ক নিরাপত্তার বিষয়ে সতর্ক করা হয়। এ সময় পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, সড়কে দুর্ঘটনা কমানো, মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির আহ্বায়ক মাসুম বিল্লাহ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার, জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সোলায়মান মণ্ডল, সহসভাপতি মুফতি তোফায়েল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মোটরসাইকেল চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।














