সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সরকারের বর্তমান অর্থনৈতিক নীতিমালার তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, সরকার আমলাতন্ত্র এবং বড় ব্যবসায়ীদের তুষ্ট করার (appeasement) নীতি গ্রহণ করেছে, যা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। তবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং বেসরকারি খাতের কর্মীদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক রূপরেখা নেই বলে তিনি মনে করেন।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই মতামত ব্যক্ত করেন। পোস্টে তিনি শ্রমিকদের করুণ অবস্থার কথা উল্লেখ করে বলেন, চা শ্রমিকরা যখন তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মিছিলে অংশ নিচ্ছেন, তখন তাদের ওপর হামলা চালানো হচ্ছে। অথচ সাধারণ মানুষের মৌলিক চাহিদার চেয়ে প্রভাবশালী ও বড় ব্যবসায়ীদের চাহিদাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
মাহফুজ আলম আরও বলেন, সাধারণ জনগণের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির সংকট, লাগামহীন দ্রব্যমূল্য এবং নিরাপত্তা সমস্যার সমাধান না করে কেবল বড় কর্তাদের সন্তুষ্ট করার নীতি সম্পূর্ণ অর্থহীন। তার মতে, এই ধরনের পদক্ষেপ সমাজে সম্পদের বৈষম্য আরও বাড়িয়ে তুলবে।
তিনি মনে করিয়ে দেন যে, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় আসা সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত সাধারণ মানুষকে সেবা প্রদান করা, গুটিকয়েক ব্যক্তি বা বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা নয়। তাই তিনি অর্থনৈতিক ব্যবস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কারের দাবি জানান। বৈষম্য কমানোর নীতি বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, বৈষম্য কমলে তবেই বাস্তবিক ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন সম্ভব, যা বিশ্বজুড়ে পরীক্ষিত। সবশেষে, তিনি 'অল্টারনেটিভস'-এর ৯ দফা দাবির পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


















