প্রেমিকার ভালোবাসার এক অভিনব বহিঃপ্রকাশ, তবে তার পরিণতি হলো চরম জরিমানা। পুরো গাড়ি জুড়ে লিপস্টিকের প্রায় ৩ হাজার ৪০০টি চুমুর ছাপ দিয়ে সাজিয়েছিলেন প্রেমিকা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই বিপাকে পড়লেন ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক যুবক। ট্রাফিক আইন ভঙ্গের দায়ে উল্টো তাঁকে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা গুনতে হয়েছে।
ঘটনাটি ঘটেছে গোয়ালিয়রের সিটি সেন্টার এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি গাড়ির সর্বাঙ্গে লিপস্টিকের হাজারো রঙিন ছাপ। পুলিশি তদন্তে জানা যায়, আদিত্য সিকারওয়ার নামের এক তরুণের প্রেমিকা অত্যন্ত যত্নে সাড়ে তিন ঘণ্টা সময় ব্যয় করে গাড়িটি এভাবে সাজিয়েছিলেন। তবে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় ট্রাফিক পুলিশের নজরে আসে। পুলিশ দ্রুত গাড়িটিকে শনাক্ত করে এবং থাটিপুর এলাকা থেকে চালককে আটক করে। এরপর মোটরযান আইনের আওতায় তাঁকে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গাড়ির মালিক আদিত্য জানান, বিদেশে এমন একটি প্রবণতা দেখে তাঁর প্রেমিকা উদ্বুদ্ধ হয়ে গাড়িটিতে চুমুর দাগ দিয়ে সাজিয়েছিলেন। তবে এই সাজসজ্জার ফলে যে ট্রাফিক আইন লঙ্ঘন হতে পারে, সে বিষয়ে তাঁদের কোনো ধারণা ছিল না। শেষ পর্যন্ত পুলিশের কঠোর নির্দেশে তিনি পুরো গাড়ির লিপস্টিকের দাগ পরিষ্কার করেন এবং জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান। ভালোবাসার এই অদ্ভুত প্রকাশ শেষ পর্যন্ত আইনি জটিলতা ও আর্থিক ক্ষতির মুখে ঠেকিয়ে দেয় ওই যুবককে।


















