গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় মারুফ হোসেন (৩০) নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। তিনি দৈনিক ইনকিলাবের মাল্টিমিডিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে টঙ্গীর এরশাদনগর বেরিবাঁধ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তথ্য সংগ্রহের জন্য মারুফ হোসেন বেরিবাঁধ এলাকায় গেলে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এ সময় চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত মো. সোহান (৩০), মো. সেলিম (৫৫) ও হাসান (২৫)সহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
















