সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ও অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি একে চরম অশালীন কাজ হিসেবে অভিহিত করেছেন এবং যারা এই ভিডিওটি ছড়িয়ে দিয়েছেন তাদের কঠোর সমালোচনা করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত একটি ভিডিও বার্তায় মাওলানা রফিক উল্লাহ আফসারী বলেন, "আমার গাজী নজরুল ইসলাম ভাইয়ের উচিত হবে আরও দুটি বিয়ে করা। বিয়ে একটি হালাল বিষয়, এতে লজ্জার কিছু নেই। যারা এ ধরনের ভিডিও ভাইরাল করেছেন, তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।"
ইসলামের সাহাবীদের বৈবাহিক জীবনের উদাহরণ টেনে তিনি আরও বলেন, দাম্পত্য জীবনে পারস্পরিক ভালোবাসা ও আন্তরিকতা ইসলামের এক স্বাভাবিক শিক্ষা এবং বিবাহ একটি পবিত্র বন্ধন। স্বামী-স্ত্রীর একান্ত ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে কাউকে হেয় করা বা মানসিকভাবে বিব্রত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।
গাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা ও প্রশংসা ব্যক্ত করে মাওলানা আফসারী বলেন, "গাজী নজরুল ইসলাম ভাই সাতক্ষীরা শহরের একজন সম্মানিত সংসদ সদস্য, একামতে দ্বিনের অতন্দ্র প্রহরী এবং কোটি কোটি মুসলমানের কলিজা। এখন প্রশ্ন হলো, স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ভাইরাল করে যারা আনন্দ পাচ্ছেন, তারা কী শান্তি পেলেন?"
তিনি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সতর্ক করে বলেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি কোনো গুরুতর অপরাধ। তিনি স্পষ্টভাবে জানান, যারা এই ধরনের অপকর্মে জড়িত এবং কারো ব্যক্তিগত জীবন নিয়ে খেলা করছেন, তাদের আল্লাহর দরবারে কঠোর জবাবদিহি করতে হবে।
উল্লেখ্য যে, গত সোমবার (২০ জুলাই) রাতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়, যা দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং আলোচনার জন্ম দেয়।










