গণভোটের রায় অবিলম্বে কার্যকর, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত এবং দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি স্পষ্ট করেছে, বর্তমান একদলীয় সংশোধন কমিটিতে তাদের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরেন দলের সদস্যসচিব আখতার হোসেন। জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনগণের রায় বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বিতর্কিত একদলীয় কমিটি বিলুপ্ত করে সবার অংশগ্রহণে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি। এ বিষয়ে কোনো বিভ্রান্তি না ছড়াতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।