মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩০ আগস্ট) গাইবান্ধা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে রাত সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোমরপুর গ্রামের রাসেল মিয়ার টিনশেড বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় শয়নকক্ষের তোষকের নিচ থেকে একটি সুইচ গিয়ার টিপ চাকু, একটি লোহার শাবল, একটি লোহার চেইন, একটি চাইনিজ কুড়াল সদৃশ কাঠের বাটযুক্ত রাউডি এবং একটি স্টিলের পাইপ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার রাসেল মিয়া (৩০) দক্ষিণ কোমরপুর গ্রামের মো. একাব্বর মিয়ার ছেলে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল মিয়া উদ্ধার হওয়া অস্ত্রগুলো বিভিন্ন অপরাধ সংঘটন ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহারের কথা জানিয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৮টা ৫০ মিনিটের দিকে গাইবান্ধা সদর উপজেলার ব্রিজরোড কালীবাড়ী এলাকার হৃদয় সরকার পনির ওরফে পূর্ণের (৪০) বাড়ির সামনে অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে হৃদয় সরকার পনিরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পূর্ব পাশের শয়নকক্ষের তোষকের নিচ থেকে একটি লোহার ধারালো ছোরা ও লোহার বাটযুক্ত একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজন অবৈধ দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ৩১ আগস্ট মামলা নম্বর-৬৯, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।