গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুর মৌজায় ২১২ শতক জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুলসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মো. আমজাদ হোসেন নামের এক ব্যক্তি।
লিখিত অভিযোগে আমজাদ হোসেন উল্লেখ করেন, রঘুনাথপুর এলাকার কয়েকজন ব্যক্তি ওই জমি নিজেদের দাবি করে আসছেন। জমি নিয়ে পূর্বে গাইবান্ধা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা হয়েছিল। অভিযোগকারীর দাবি, আদালতের রায় ও ডিক্রির মাধ্যমে ওই জমি নিয়ে তাদের পক্ষের দাবি নিষ্পত্তি হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ২ সেপ্টেম্বর কয়েকজন পুলিশ সদস্যসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি রঘুনাথপুরে গিয়ে অভিযোগকারীর তফসিলভুক্ত জমি দখলের চেষ্টা করেন। তবে জমি দখল করতে না পেরে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়। এরপর অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আমজাদ হোসেনের অভিযোগ, তাঁকে অফিস-আদালতে যেতে বাধা দেওয়া এবং যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগকারী বিষয়টি সরেজমিনে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গাইবান্ধা সদর থানার এসআই সিরাজুলসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা জমি গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুর মৌজায় অবস্থিত। জে.এল. নম্বর ৫৪, সি.এস খতিয়ান ১৬৫ ও ১৬৮ এবং এস.এ খতিয়ান ২১৩ ও ২১৭-এর অন্তর্ভুক্ত বিভিন্ন দাগে মোট ২১২ শতক জমির কথা বলা হয়েছে।
তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
















