গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের গাছা থানার ৩৭ নং ওয়ার্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গাছার চান্দরা রহমানিয়া ফাযিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় মাঠে নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীরা। টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর মহানগর যুবদলের নেতা সৌমিক সরকার।

৩৭ নং ওয়ার্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরিদুল আজিজ স্বপন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে ছয়টি দলের মধ্যে প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এতে শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয় বনাম চান্দরা রহমানিয়া ফাযিল মাদ্রাসা, চাঁন মিয়া স্কুল বনাম ব্লু স্কাই স্কুল এবং মুনলাইট আদর্শ উচ্চ বিদ্যালয় বনাম ইকরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে।

টুর্নামেন্টের আয়োজক ও ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আসাদুজ্জামান আসাদ বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের মেধা ও মনন বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিশুদের জন্য এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

খেলা দেখতে মাঠে অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খুদে খেলোয়াড়দের দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা ও উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।