জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পরপরই বাস ভাড়া বাড়ানোর প্রাথমিক প্রস্তাব সামনে এসেছে। তেলের এই বাড়তি খরচের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর বনানী কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ বিষয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বিআরটিএ-র ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে সড়ক পরিবহন মালিক সমিতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব উল্লেখ করে কিলোমিটার প্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর জোরালো প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবনা অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া বর্তমান ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করতে হবে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ভেতরে চলাচলের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ডিটিসি এলাকার মিনিবাসগুলোর ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব করেছে সড়ক পরিবহন মালিক সমিতি।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এএসএম আহমেদ খোকন গণমাধ্যমকে জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন খাতের ব্যয় বহুগুণ বেড়ে গেছে, তাই ভাড়া বাড়ানোর এই প্রস্তাব করা হয়েছে। তিনি আরও জানান, বিআরটিএ-র সাথে আলোচনার পর খুব শীঘ্রই, সম্ভবত আগামী দু’একদিনের মধ্যেই এই বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে।