চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে যথাযথভাবে সংরক্ষণ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্বোধনের মধ্য দিয়ে জাদুঘরের দুয়ার এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর বিশেষ এই উদযাপনে ঢাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফ্রেডেরিক ইনজা। বুধবার অনুষ্ঠিত এই স্মরণীয় আয়োজনে অংশ নিয়ে ফ্রান্স দূতাবাস ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে। একইসাথে এক আনুষ্ঠানিক বার্তায় ফ্রান্স দূতাবাস চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সফল রাজনৈতিক উত্তরণের জন্য দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে। ফ্রান্স আরও উল্লেখ করেছে যে, একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তারা তাদের পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।