পাকিস্তানসহ বিশ্বের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের মধ্যে ইমরান খানের মুক্তি এবং কারাগারে থাকাকালীন যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি দিন দিন জোরালো হচ্ছে। এই আন্তর্জাতিক দাবির সাথে একাত্ম হয়ে বাংলাদেশের পক্ষ থেকে সবার আগে সোচ্চার হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ও বলিষ্ঠ বার্তায় ইমরান খানকে নিজের শৈশবের নায়ক হিসেবে অভিহিত করে তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন তিনি।
বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি অধিনায়কের সাহস, অদম্য নেতৃত্ব এবং ক্রিকেটীয় অনন্য অর্জনের ভূয়সী প্রশংসা করেন পাইলট। তার দেওয়া বার্তায় তিনি উল্লেখ করেন, ‘সাবেক ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে ইমরান খান সব সময়ই এক সত্যিকারের অনুপ্রেরণা। তার অসামান্য সাহস, নেতৃত্ব এবং অর্জনের প্রভাব কেবল পাকিস্তানের সীমানায় সীমাবদ্ধ থাকেনি, বরং তা সীমান্ত পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রজন্মের পর প্রজন্ম ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছে।’
ইমরান খানের বর্তমান প্রতিকূল পরিস্থিতির কথা উল্লেখ করে তার যথাযথ চিকিৎসা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার জন্য তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান। পাইলটের ভাষায়, ‘বিশ্বমানের একজন ক্রিকেট কিংবদন্তি, যিনি ক্রিকেট খেলাটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন এবং এই খেলার জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন, তিনি সর্বোচ্চ মানের চিকিৎসা, যথাযথ মর্যাদা এবং প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার পূর্ণ যোগ্য।’
বাংলাদেশি এই সাবেক অধিনায়ক মনে করেন, এই সংকটময় মুহূর্তে ইমরান খানের পাশে পুরো ক্রিকেট বিশ্বের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো প্রয়োজন। তিনি বিশ্বাস করেন, ‘যে কিংবদন্তি লাখো মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন এবং অনুপ্রাণিত করেছেন, তার পাশে আজ ক্রিকেট বিশ্বের দাঁড়ানো নৈতিক দায়িত্ব।’ সবশেষে ইমরান খানের মানসিক শক্তি ও সুস্বাস্থ্য কামনা করে পাইলট তার প্রাপ্য যথাযথ যত্ন ও দ্রুত সুস্থতার প্রার্থনা জানান।





















