সাজাপ্রাপ্ত আসামি এবং ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাবেক প্রধানমন্ত্রীসহ যাদের গতকাল সাজা প্রদান করা হয়েছে, তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রচলিত আইনের আলোকে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই তথ্য জানান।

তিনি আরও উল্লেখ করেন যে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় জড়িত সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মানুযায়ী প্রয়োজনীয় চিঠিপত্র আদান-প্রদান এবং কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রতিমন্ত্রী জানান, আদালতের রায় হওয়ার পর এখন আনুষ্ঠানিক কাগজপত্রের জন্য অপেক্ষা করা হচ্ছে। মন্ত্রণালয় সব নথি হাতে পাওয়া মাত্রই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ভারত সরকারের সাথে যোগাযোগ করবে। সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে এনে যথাযথ আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

কূটনৈতিক যোগাযোগের বিষয়ে শামা ওবায়েদ বলেন, "আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে, তবে ভারত সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। যতটুকু জানা গেছে, তাদের নিজস্ব একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"

তিনি স্পষ্ট করে বলেন, যতক্ষণ না আসামিদের বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হচ্ছে, ততক্ষণ এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি, প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করার পর থেকেই দেশের বাইরে অবস্থানরত বিশাল সংখ্যক বাংলাদেশির অভিবাসন প্রক্রিয়াকে আরও সুসংহত ও সহজতর করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে এবং অভিবাসন কার্যক্রম তদারকির জন্য একটি বিশেষ 'মাইগ্রেশন সেল উইং' খোলা হয়েছে।